রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে চাঁদাবাজির মামলায় দুই দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত।বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।
বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল গত মাসে আউয়ালের বিরুদ্ধে এই মামলা করেন।এর আগে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে পল্লবীর সাহিনুদ্দীন হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে গত ২৬ মে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে চাঁদাবাজির ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, বুধবার শুনানি শেষে বিচারক ওই মামলায় আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ডের অনুমতি দেন। এম এ আউয়াল হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
গত ১৬ মে বিকালে পল্লবী ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর সড়কে সাহিনুদ্দীন (৩৪) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের মা পল্লবী থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, সেখানে প্রধান আসামি করা হয় আউয়ালকে।